তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড চালু করবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে আগেই নেওয়া হয়েছে এবং আজকের বৈঠকে এর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, শিগগিরই পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা উৎপাদনসংক্রান্ত সব সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের সুবিধা নেওয়া রোধ করা হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ধীরে ধীরে দেশের সব কৃষক এই স্মার্ট কৃষক কার্ড পাবেন, যাতে সরকারি সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছায়।