মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা সংক্রান্ত সিদ্ধান্ত রাখাইনের রোহিঙ্গা বেঁচে থাকা মানুষ এবং বাংলাদেশে শরণার্থী শিবিরে থাকা লাখো মানুষের জন্য আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি। এই সিদ্ধান্তে তাদের ওপর সংঘটিত অপরাধকে গণহত্যার শামিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে মিয়ানমারের ওপর চলমান সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
তবে এটি কোনো ফৌজদারি বিচার নয়। আইসিজে কোনো ব্যক্তি বা সামরিক জেনারেলকে কারাদণ্ড দিতে পারে না, কারণ আদালত রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণ করে। ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইসিজের নিজের রায় বাস্তবায়নের কোনো ব্যবস্থা নেই। রায় কার্যকর করতে আদালত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভরশীল। তাই রায়টি গুরুত্বপূর্ণ প্রতীকী স্বীকৃতি হলেও, এটি এককভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পারবে না। তবে এই সিদ্ধান্ত পৃথক ফৌজদারি কার্যক্রম এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে বাস্তবায়নের দাবিতে আইনি ও কূটনৈতিক ভিত্তি শক্তিশালী করতে পারে।