চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জলদী মিয়ার বাজার থেকে র্যালিটি শুরু হয়ে জলদী জিএস প্লাজা মার্কেট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের এমপি মাওলানা জহিরুল ইসলাম। তিনি বলেন, অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদক, ইয়াবা এবং অনলাইন-অফলাইন জুয়ার বিরুদ্ধে দেশে এখন জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই জাতীয় সংসদে কার্যকর আইন প্রণয়ন হবে। তিনি আরও বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ তরুণ জনগোষ্ঠী আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি, তাই তরুণদের মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতন হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, যুব বিভাগের দায়িত্বশীল, আলেম, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।