ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শনিবার দেশব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছে। সূর্যোদয়ের সঙ্গে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব রেঞ্জ ও জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
বাহিনীর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে যথাযথ পতাকা বিধি অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পাঠ করা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরা হয়।
সূত্রে ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার মধ্যে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন বলে এতে বলা হয়। এই আয়োজনের মাধ্যমে বাহিনীর সর্বস্তরের সদস্যদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, ঐক্য, সংহতি ও দেশসেবার অঙ্গীকার সুদৃঢ় করার প্রত্যয় জানানো হয়েছে। সদর দপ্তর থেকে মাঠপর্যায় পর্যন্ত সুসংগঠিত অংশগ্রহণে কর্মসূচি পালিত হচ্ছে।