ইসরাইলের সাবেক জেনারেল, গোয়েন্দা কর্মকর্তা ও সাবেক প্রধানমন্ত্রীদের একটি অংশ বলছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা ইরান, গাজা বা লেবাননের চেয়েও ইসরাইলের জন্য বড় হুমকি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইয়াল বেন-রুভেন অন্য সাবেক কর্মকর্তাদের সঙ্গে পশ্চিম তীর ঘুরে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ, বসতিস্থাপনকারীরা বাড়িঘর, মসজিদ ও গ্রামে হামলা, অগ্নিসংযোগ এবং জমি ও গবাদিপশু দখল করছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর পশ্চিম তীরে বসতিস্থাপনকারীরা হাজারো হামলা চালিয়েছেন এবং এতে হাজারো ফিলিস্তিনি আহত হয়েছেন। চলতি বছর হামলায় ৩ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। জুনে ২০০-এর বেশি প্রভাবশালী ইসরাইলি একটি চিঠিতে স্বাক্ষর করে ‘ইহুদি সন্ত্রাস’ ও ‘জাতিগত নির্মূল’ বন্ধের দাবি জানান।
ইসরাইলি সামরিক বাহিনী বসতিস্থাপনকারীদের সহিংসতায় সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তাদের দায়িত্ব সব বাসিন্দাকে সুরক্ষা দেওয়া। নেতানিয়াহুর কার্যালয় অভিযোগগুলো নিয়ে মন্তব্য করেনি, তবে প্রধানমন্ত্রী সম্প্রতি কিছু ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলেছেন। সাবেক কর্মকর্তাদের মতে, এই সহিংসতা ইসরাইলের গণতন্ত্র, নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা দুর্বল করছে।