কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। সোমবার বিসিক ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিল্পমন্ত্রী বলেন, সিএমএসএমই খাতের অবদান বাড়ানো, আয়বৈষম্য কমানো এবং সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশে প্রতি বছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করেন। বৃহৎ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে এককভাবে সবার কর্মসংস্থান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
বর্তমানে অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় এক-চতুর্থাংশ; এটি ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজের কথা বলেন মন্ত্রী। তিনি জানান, জামানতবিহীন ঋণের বর্তমান দুই লাখ টাকার সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদন ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি বলেও তিনি জানান। বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে উদ্যোক্তা প্রশিক্ষণ জোরদারের কথাও বলা হয়।