যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত হামলাই ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের সময় নির্ধারণে প্রভাব ফেলেছিল, যা পরবর্তীতে সংঘাতের সূচনা ঘটায়। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত ইসরাইল ইরানে আক্রমণ চালাতে যাচ্ছে এবং তেহরান এর প্রতিক্রিয়ায় মার্কিন স্বার্থের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। এই আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র আগাম হামলা চালায়।
ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিয়েকো রুবিওর বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি মূলত স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইসরাইলের ফাঁদে পড়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরাইলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়, যা দুই দেশের গভীর কৌশলগত সম্পর্কের প্রতিফলন। তার মতে, এখন প্রয়োজন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ কোথায় এক এবং কোথায় ভিন্ন তা নিয়ে গুরুতর আলোচনা।
গ্রিয়েকো কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।