বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ত্রিবেদীর ‘দুই দেশ এক হওয়া’ এবং ‘ভারত-বাংলাদেশ মিলে বিশ্বশক্তি হওয়া’ সংক্রান্ত মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। শনিবার বিকেলে যাত্রাবাড়ী থানার দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শুক্রবার দেওয়া ত্রিবেদীর বক্তব্যে দেশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া ও কঠোর অবস্থান নেওয়ার জন্য। কাইয়ূম অভিযোগ করেন, এটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং ত্রিবেদীকে বাংলাদেশ থেকে বিতাড়নের দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা সহ-সভাপতি হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ডা. নূর মোহাম্মদ মুন্না। ঢাকা মহানগর দক্ষিণের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।