ইসরাইলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি খ্রিস্টান ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ইয়ারুন গ্রামে ঘটে, যেখানে ইসরাইলি বাহিনী তাদের ভাষায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংসের অভিযানে ছিল। সেনাবাহিনী নিশ্চিত করেছে, অভিযানের সময় একটি ধর্মীয় চত্বরের ভেতরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ফরাসি ক্যাথলিক দাতব্য সংস্থা ল’ওভ্রে ডি’ওরিয়েন্ট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরাইলি সৈন্যরা গ্রিক-ক্যাথলিক সালভাতোরিয়ান সিস্টারদের একটি কনভেন্ট ধ্বংস করেছে। সংস্থাটি এটিকে উপাসনালয়ের ওপর ‘ইচ্ছাকৃত হামলা’ বলে আখ্যা দিয়েছে। ইসরাইলি মুখপাত্র আভিচাই আদরাই জানান, ক্ষতিগ্রস্ত ভবনে ধর্মীয় চিহ্ন স্পষ্ট ছিল না, তবে পরে একই কমপ্লেক্সের অন্য ভবনে ধর্মীয় পরিচয় দেখা গেলে অতিরিক্ত ক্ষতি এড়াতে পদক্ষেপ নেওয়া হয়।
আদরাই আরও দাবি করেন, যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ ওই কম্পাউন্ড থেকে ইসরাইলি ভূখণ্ডে একাধিক রকেট নিক্ষেপ করেছে, যা এলাকায় সেনা উপস্থিতিকে যৌক্তিক করে তোলে।