কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় রোববার রাত ৯টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট মিন সি লেভেল। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জলকপাট বন্ধ হওয়ায় স্পিলওয়ের মাধ্যমে কর্ণফুলী নদীতে অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ হয়েছে।
টানা বৃষ্টিতে হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় গত ২৯ আগস্ট প্রথমে স্পিলওয়ের ১৬টি জলকপাট খোলা হয়েছিল। ওই দিন রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির উচ্চতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়। একপর্যায়ে গেটগুলো সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খোলা রাখা হয়েছিল।
কাপ্তাই পিডিবির তথ্য অনুযায়ী, ২৯ আগস্ট দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। বর্তমানে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের সময় টারবাইনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির অবস্থা ও আবহাওয়ার ওপর ভিত্তি করে ভবিষ্যতে প্রয়োজন হলে জলকপাট খোলা বা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।