ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর রাখা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে থাকা বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রতি রাতে সামরিক অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট থেকে এলাকায় মোতায়েন ইউএসএস জর্জ ওয়াশিংটনের পাইলট ও বিমানকর্মীরা জাহাজটির দৈনন্দিন কার্যক্রম এবং সার্বক্ষণিক নিরাপত্তা অভিযান নিয়ে কথা বলেছেন।
মার্কিন সদস্যরা জানান, প্রণালির ওপরের আকাশসীমা প্রায় ২০ মাইল প্রশস্ত এবং সেখানে নানা ধরনের আকাশযান ও উড়ন্ত বস্তু চলাচল করে। ইরানের উপকূল থেকে অস্ত্র নিক্ষেপ হলে তা শনাক্ত ও প্রতিক্রিয়া জানানোর সময় খুব কম থাকে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জেফরি হিমস বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোনসহ বাণিজ্যিক জাহাজমুখী হুমকি দ্রুত প্রতিহত ও ধ্বংস করা হবে।
সেন্টকমের হিসাবে, গ্রীষ্মকাল থেকে উপসাগরীয় অংশীদারেরা ১৫০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রপ্তানি করেছে এবং ছয় মাসে ৩ হাজারের বেশি জাহাজ দুর্ঘটনা ছাড়াই প্রণালি পেরিয়েছে। তবে দীর্ঘ অভিযান যুদ্ধবিমানের ক্ষয় ও ক্রুদের চাপ বাড়াচ্ছে। দিয়েগো গার্সিয়ায় মেরামত কেন্দ্র স্থাপন করা হয়েছে; অঞ্চলে প্রায় ৫০ হাজার সেনা ও ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রাখতে মাসে ২০০ কোটি থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হচ্ছে।