সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়ার পথে একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং মানব পাচারকারী চক্রের সন্দেহভাজন ১১ সদস্যকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে সেন্ট মার্টিনের কাছে টহলকালে বানৌজা খালিদ বিন ওয়ালিদ অভিযানটি চালায়। নৌবাহিনীর গণসংযোগ দপ্তর বৃহস্পতিবার দিবাগত রাতে ক্ষুদেবার্তায় বিষয়টি জানায়।
সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় এফভি ক্রিস্টাল-১ নামের একটি মাছ ধরার নৌকা ভাসমান কাঠের বোটটি দেখতে পায়। সহায়তায় এগোলে বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তারা নৌবাহিনীকে খবর দেয়। নৌবাহিনী গিয়ে দেখে বোটটিতে পানি ঢুকছে এবং পানি নিষ্কাশন করে ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও মানবিক সহায়তা দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১১ জনকে পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয় এবং বাকি ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতিতে প্রতারিত ভুক্তভোগী বলা হয়েছে। নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, অধিকাংশকে অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় রাখা হয়েছিল। আটক ব্যক্তিদের ও জব্দ বোটটি আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।