পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত আমলাদের সরকারি দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বুধবার (৬ মে) থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে এবং বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তা বহাল থাকবে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে সব বিভাগীয় সচিবকে নির্দেশনা পাঠিয়েছেন এবং মৌখিকভাবে সিদ্ধান্ত জানানো হয়েছে। ইতোমধ্যে উপদেষ্টা বা বিশেষ দায়িত্বে থাকা কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন ও সরকারি বাসভবন খালি করতে শুরু করেছেন। প্রশাসন গুরুত্বপূর্ণ নথি সুরক্ষায় বাড়তি সতর্কতা নিয়েছে এবং কোনো ফাইল দপ্তরের বাইরে না নেওয়ার নির্দেশ দিয়েছে।
অর্থ উপদেষ্টাদেরও নথি সংরক্ষণ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও নথি সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।