২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯৬ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে প্রায় ১০ কোটি টাকা রাখা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দুদকের প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা, যা পরে সংশোধিত বাজেটে প্রায় ২০৩ কোটি টাকায় উন্নীত হয়েছিল। সে হিসাবে নতুন প্রস্তাবিত বরাদ্দ কিছুটা কম।
বাজেট নথি অনুযায়ী, দুদক আগামী অর্থবছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। সব জেলায় ১৩ সদস্যবিশিষ্ট মহানগর ও জেলা কমিটি, সব উপজেলায় ৯ সদস্যবিশিষ্ট কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ কার্যালয় সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ কার্যক্রম সম্প্রসারণ, বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ চালু রাখা এবং গণশুনানির আয়োজনের উদ্যোগও অব্যাহত থাকবে।