জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তি ব্যবহারে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা বিএসসিএল। ‘স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি’ বা এসসিওর সদস্যপদ এবং বাংলাদেশের জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে ইমেজিং ও মহাকাশভিত্তিক তথ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার বিএসসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএসের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক জোটটিতে অন্তর্ভুক্তির জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনে ২০২৫ সালের ৮ ডিসেম্বর আবেদন করেছিল বিএসসিএল। পরে এসসিওর স্টিয়ারিং কমিটি বাংলাদেশকে জোটের সহকারী দেশ ও জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে অনুমোদন দেয়। ২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে এসসিও প্রতিষ্ঠিত হয়।
এসসিও স্যাটেলাইট ও স্থানীয় আর্থ-সামাজিক তথ্য ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। বাংলাদেশে সংস্থাটির অর্থায়নে BanD-SOS প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের রিয়েল-টাইম পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিএসসিএল বলেছে, সদস্যপদে দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ পর্যবেক্ষণ ও এসডিজি বাস্তবায়নে নতুন সুযোগ তৈরি হবে। ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর প্যারিসের স্পেস সামিটে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।