ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে ‘চূড়ান্ত আঘাত’ পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানিদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তেহরান থেকে পাঠানো এক লিখিত বার্তায় তিনি বলেন, ‘অশুভ শত্রুরা’ জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস ও বিভেদের বীজ বপন করতে চাইছে। তিনি আহ্বান জানান, দৃঢ়তা, দূরদৃষ্টি ও ঐক্যের মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
এই বার্তাটি পাঠ করা হয় ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকীর ৩৭তম অনুষ্ঠানে। ১৯৭৯ সালের বিপ্লবে যুক্তরাষ্ট্র-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর আলি খামেনি সর্বোচ্চ নেতা হন এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন, যার পর আঞ্চলিক যুদ্ধ শুরু হয়।
৮ এপ্রিল যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধানের জন্য আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি। মার্চে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনি জনসমক্ষে খুব কমই উপস্থিত হয়েছেন এবং মূলত লিখিত বার্তার মাধ্যমে বক্তব্য দিচ্ছেন।