কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা নতুন ধারণা ও প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের মধ্যস্থতামূলক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তাদের মাধ্যমে প্রস্তাবগুলো তেহরানে পৌঁছাচ্ছে।
আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার ফলেই নতুন কিছু প্রস্তাব সামনে এসেছে এবং সেগুলো বর্তমানে ইরান পর্যালোচনা করছে। তবে প্রতিবেদনে প্রস্তাবগুলোর বিষয়বস্তু, মধ্যস্থতার নির্দিষ্ট বিষয় বা পর্যালোচনার কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
নতুন প্রস্তাব এলেও তেহরানের মৌলিক অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে স্পষ্ট করেন আরাগচি। তিনি বলেন, ইরানের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে, যা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দেশের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।