ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আছেন গাদি আইজেনকোট। আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রাআম পার্টি আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়নের পক্ষে অবস্থান নিতে যাচ্ছে বলে জয়েন্ট লিস্টের এক জ্যেষ্ঠ নেতা রোববার হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়াল্লাকে জানিয়েছেন। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলোচনাতেও আরব দলগুলো আইজেনকোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে।
আগামী বুধবার, ৪ নভেম্বর, কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক নির্বাচনি ফল গ্রহণ করবেন প্রেসিডেন্ট হারজগ। এরপর তিনি নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। রোববার এক অনুষ্ঠানে হারজগ দলগুলোকে নির্বাচনের ফল মেনে সরকার গঠনে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। তিনি সতর্ক করেন, কোনো পক্ষ কঠোর অবস্থানে অনড় থাকলে দেশটিকে আবার নির্বাচনের মুখে পড়তে হতে পারে।
প্রাথমিক হিসাবে আরব দলগুলোর সমর্থনসহ আইজেনকোটের পক্ষে ৬০ জন আইনপ্রণেতার সুপারিশ থাকতে পারে। ইসরাইল বেইতেনু সমর্থন দিলে তা ৬৭ হতে পারে। লিকুদ, ওতজমা ইহুদিত, শাস ও রিলিজিয়াস জায়োনিজম থেকে নেতানিয়াহু ৪৬টি সুপারিশ পেতে পারেন। ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাত আসনের অবস্থান অনিশ্চিত। সর্বাধিক সুপারিশ পেলেও মনোনীত নেতাকে কার্যকর জোট গঠন ও নেসেটে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে।