ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–সংযুক্ত তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে—এমন মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর অফিস ও অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের ক্লাউড অবকাঠামো সামরিক কাজে ব্যবহৃত হয়েছে এবং সেগুলোকে ইরানের নতুন লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাসনিম জানায়, আঞ্চলিক সংঘাত অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে এবং এর ফলে ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বাড়ছে। প্রতিবেদনে গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকলের নাম উল্লেখ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক অবকাঠামোর কিছু অংশ ইসরায়েলের বিভিন্ন শহর ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি বা দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।