ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ও ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল-হিনাই মাস্কাটে বৈঠক করেছেন। বৈঠকে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়, যা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর পঞ্চম অনুচ্ছেদ এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হয়।
গারিবাবাদি সামাজিকমাধ্যম এক্সে জানান, আলোচনায় ৩০ দিনের মধ্যে প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা অপসারণ এবং মাইন নিষ্ক্রিয় করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সমঝোতা স্মারকে আরও বলা হয়েছে, ইরান পারস্য উপসাগরের অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে ওমানের সমন্বয়ে হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক পরিষেবা নির্ধারণে আলোচনা করবে।
এই আলোচনাগুলো আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।