মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ১০০ কোটি লিটারের জাতীয় জ্বালানি ভান্ডার গড়ে তোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘোষণা দেন। তিনি জানান, সরকারি মালিকানাধীন এই মজুত মূলত ডিজেল ও বিমানের জ্বালানির দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করবে। অ্যালবানিজ বলেন, বর্তমান সংকটের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য। আগামী সপ্তাহে জাতীয় বাজেটে এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে।
জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানান, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য হলেও অস্ট্রেলিয়ার আগে কোনো জাতীয় জ্বালানি মজুত ছিল না। তিনি বলেন, ভবিষ্যতের সম্ভাব্য ধাক্কা সামলাতে সরকার প্রস্তুতি নিচ্ছে, কারণ বৈশ্বিক পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। বর্তমানে দেশটিতে মাত্র দুটি তেল শোধনাগার রয়েছে, ফলে বৈশ্বিক সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই সংকট দেখা দেয়।
অস্ট্রেলিয়া হরমুজ প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যেখানে ফেব্রুয়ারির শেষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানমুখী হামলার পর জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক তেল পরিবহনে বড় প্রভাব ফেলেছে।