হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আল্লামা আবু তাহের নদভী সোমবার দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল ক্বওমিয়া বাংলাদেশের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক ও দ্বীনের একনিষ্ঠ রাহবার। তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারাও তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজার নামাজ রাত সাড়ে ১১টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।