ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। একই সময়ে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান যাচ্ছেন। তবে ইরান স্পষ্ট করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক করবে না।
আন্দ্রাবি সামাজিক মাধ্যমে জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষাপ্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আরাগচিকে অভ্যর্থনা জানান। সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।