স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কারে জনগণের প্রত্যাশা এবং ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত 'জুলাই জাতীয় সনদ'-এর ভিত্তিতে সমঝোতার মাধ্যমে সব সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শনিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সংবিধানে জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে। তিনি জানান, জুলাই জাতীয় সনদের স্বীকৃত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কমিটি খসড়া প্রণয়ন করবে এবং জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই ইউনিফর্ম ক্ষমতার নয়, এটি দায়িত্ব, ত্যাগ ও সেবার প্রতীক। তিনি তাদের সততা, সাহস ও মানবিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।