ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, শিক্ষার্থীদের চাকরির উপযোগী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। রোববার গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ, উদ্ভাবন এবং শিল্প খাতের সঙ্গে সহযোগিতা জোরদারবিষয়ক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে যুক্ত করে দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ, শিল্প বিশেষজ্ঞদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করা এবং কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের ওপর তিনি গুরুত্ব দেন। গবেষণার ফল প্রকাশনায় সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, নমুনা পণ্য তৈরি ও বাণিজ্যিকীকরণের পর্যায়ে নেওয়ার কথাও বলেন তিনি।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা, উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সরকারের উদ্যোগ এবং ইউজিসির নীতিগত সহায়তার কথা তুলে ধরেন আল-মামুন। যৌথ গবেষণা, অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোক্তা উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান; এ ধরনের সহযোগিতায় ইউজিসির অর্থায়নও প্রক্রিয়াধীন। আলোচনায় ১৯টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ডুয়েটের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা অংশ নেন।