আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের খেলোয়াড়রা অংশ নিতে পারবে, তবে দলের সঙ্গে এমন কেউ থাকতে পারবে না যার সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সম্পর্ক রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সমস্যা খেলোয়াড়দের নয়, বরং তাদের সঙ্গে থাকা সম্ভাব্য ব্যক্তিদের নিয়ে। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, যা বিষয়টিকে আরও জটিল করেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ এক দূত ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, এর কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাত পরিস্থিতির প্রভাব পড়েছে এই ইস্যুতেও। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পূর্ণ সমঝোতা না হওয়ায় ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।