গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৩তম সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মো. রেজাউল করিম চৌধুরীকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা গ্রামের বাসিন্দা রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৯৫ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন এবং কর্মজীবনে ব্রাঞ্চ ম্যানেজার, প্রোগ্রাম অফিসার, এরিয়া ম্যানেজার, যোনাল অডিট অফিসার, যোনাল ম্যানেজার ও বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আশা প্রকাশ করেছেন যে, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে ঋণ কর্মসূচি ও আমানত বৃদ্ধিতে গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।