ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশের প্রায় ২৮ শতাংশ তরুণ বছরে অন্তত একবার নিয়মিত রক্তদান করলে রক্তসংকট পুরোপুরি দূর করা সম্ভব। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর আইডিইবি ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্তত ৩, ১০, ২৫ ও ৫০ বার রক্তদান করেছেন এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সনদ, ক্রেস্ট ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়। উপাচার্য বলেন, এই আয়োজন নতুন বাংলাদেশ গড়তে নতুন ভাবনার বিশেষ লক্ষ্য বহন করে। তিনি স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক বাংলাদেশ নির্মাণের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সততার সঙ্গে কাজ করা ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোই দেশপ্রেমের বাস্তব প্রকাশ।
বক্তারা জানান, সাড়ে পাঁচ লক্ষাধিক ডোনার পুলের কোয়ান্টাম ল্যাব ২০০০ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত রক্ত ও রক্ত উপাদান দিয়ে ১৮ লক্ষাধিক মুমূর্ষুর জীবন বাঁচাতে সহায়তা করেছে। আয়োজকেরা দেশের রক্তচাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের এই মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।