লেবাননের সিভিল ডিফেন্স কর্মীরা দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও মারজায়ুন অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করেছেন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকারী দলগুলো নাবাতিয়েহ, দিব্বিনে ও ব্লাট এলাকায় প্রধান ও উপসড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪,১০৬ জন নিহত এবং ১২,১৫৩ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগীদের পরিচয় বা ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।