যুক্তরাষ্ট্রের আলাস্কায় ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনি প্রচার শিবিরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের ভোট কমাতে একই নামে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচনে দাঁড়াতে উৎসাহিত করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি তদন্তের নির্দেশ দিয়েছেন।
তদন্তে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না এবং অভিযোগ প্রমাণিত হলে দেওয়ানি জরিমানা বিবেচিত হবে কি না, তা দেখা হবে। নির্বাচনে ড্যান সুলিভান নামে দুজন প্রার্থী আছেন। একজন দুই মেয়াদে নির্বাচিত বর্তমান মার্কিন সিনেটর, অন্যজন দক্ষিণ-পূর্ব আলাস্কার সীমিত রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত ব্যক্তি।
রিপাবলিকানদের অভিযোগ, বর্তমান সিনেটরের পুনর্নির্বাচনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতে ভোট ভাগ করার কৌশল নেওয়া হয়েছিল। তবে অন্য ড্যান সুলিভানকে প্রার্থী করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পেলটোলার প্রচার শিবির। নিউইয়র্ক টাইমসের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে, পেলটোলার প্রচার শিবিরের কর্মকর্তা ও ডেমোক্র্যাটিক সিনেটরিয়াল ক্যাম্পেইন কমিটি আলাস্কায় একই নামের অন্য ব্যক্তিদের খুঁজে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছিল। ডানলিভি বলেছেন, ইচ্ছাকৃতভাবে ভোটারদের অন্য কারও পক্ষে ভোট দিতে প্ররোচিত করা নির্বাচনের সততাকে আঘাত করে।