যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের অবরোধকে বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছেন এবং তা বহাল রাখার আহ্বান জানিয়েছেন। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক নিউজন্যাশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেল ও অন্যান্য পণ্য রপ্তানি ঠেকাতে এই অবরোধ খুবই কার্যকর হয়েছে এবং ইরানের অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে।
বোল্টনের মতে, ইরানের ওপর মার্কিন চাপের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চীন। তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরে ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা। তাঁর দাবি, চীনের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইরান আর্থিক সম্পদ সরাতেও সক্ষম হয়েছে। ইরানকে টিকিয়ে রাখতে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর হতে হলে চীনের ওপর মূল নজর দেওয়া উচিত বলেও তিনি মনে করেন।
ইরানি তেল কেনার সঙ্গে যুক্ত চীনা ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিতে পারে বলে মত দেন বোল্টন। তিনি ইরানের ওপর আরও আর্থিক চাপ প্রয়োগের পক্ষেও কথা বলেন। তবে তাঁর মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তেল অবরোধ বহাল রাখা, কারণ সেটি ইরানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।