Web Analytics
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চিকিৎসার নামে এক তরুণীকে যৌন নিপীড়নের দায়ে হানিফ শেখ নামের এক ভণ্ড কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক ও জেলা-দায়রা জজ শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন। আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন; জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। রায় ঘোষণার সময় হানিফ শেখ পলাতক ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, হানিফ শেখ দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে অপচিকিৎসা এবং নারী নির্যাতন চালিয়ে আসছিলেন। ২০২৫ সালের ২২ মার্চ ভুক্তভোগী তরুণী তাঁর ছোট বোনকে নিয়ে চিকিৎসার জন্য আসামির বাড়িতে যান। চিকিৎসা দেওয়ার কথা বলে আসামি তাঁকে একটি টিনের ঘরে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদ করার পর আসামি ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেন এবং ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করেন বলে সূত্রগুলো জানিয়েছে। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানির পর রাষ্ট্রপক্ষ অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। তাঁর মতে, এ রায় অপচিকিৎসা ও ভণ্ডামির বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।