প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারে উসকানি দেওয়ার অভিযোগ করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে তিনি বলেন, নির্বাচনি প্রচারের সময় রাজনৈতিক স্বার্থে এই প্রচার চালানো হচ্ছে। তাঁর ভাষ্য, আরব নাগরিকদের একটি জনগোষ্ঠী হিসেবে হেয় ও প্রান্তিক করার চেষ্টা রাষ্ট্রবিরোধী কাজ।
আইজেনকোট বলেন, ইসরাইলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক এবং তারা দেশের ইতিহাস ও পরিচয়ের অংশ। তাঁর মতে, প্রধানমন্ত্রী সব নাগরিকের প্রধানমন্ত্রী, যারা তাঁকে ভোট দেননি তাঁদেরও। নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহু বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুললেও এর পক্ষে প্রমাণ পাওয়া যায়নি এবং ইসরাইলের নির্বাচন কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের চার দলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর উগ্রইহুদি ও ধর্মীয় জোট ৫৩টি আসন পায়; সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি কেউই। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়ে আইজেনকোটকে সমর্থন দিলেও তিনি তাদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। তিনি দ্রুত জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগের কথাও বলেছেন।