চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার, ৪ আগস্ট নগরীর চাক্তাই খাল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। খালগুলোর পানিপ্রবাহ সচল রাখাকে সিটি কর্পোরেশনের অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি।
মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তরের জন্য খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাঁর মতে, খাল কেবল পানি নিষ্কাশনের মাধ্যম নয়; নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নয়ন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।
ডা. শাহাদাত হোসেন জানান, রসুলবাগ বা চাক্তাই খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। তবে জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করাকে দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। পরিদর্শনকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।