তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের কল্যাণে কার্যকরভাবে কাজ করতে হলে তথ্য মন্ত্রণালয়কে যুগোপযোগীভাবে সংস্কার করতে হবে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের ডিজিটাল ক্ষমতায়ন ও প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলা করে নিরাপদভাবে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে।
তথ্যমন্ত্রী জানান, বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে প্রয়োজনীয় বিশেষজ্ঞ জ্ঞান গড়ে ওঠে না, যা কার্যকর প্রশাসনের পথে বাধা। তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর চিন্তা চলছে এবং প্রধানমন্ত্রী মানুষের অবাধ তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা লিপিবদ্ধ করা হচ্ছে এবং শিগগিরই সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় হবে। ওয়েজবোর্ড ইস্যুতে তথ্য ও শ্রম মন্ত্রণালয়ের এখতিয়ার অস্পষ্ট থাকায় জটিলতা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।