Web Analytics
কেরালার শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছেন কেরালা হাইকোর্ট। সোমবার বিচারপতি পি.ভি. কুন্হিকৃষ্ণন শিক্ষার্থীদের রিট আবেদন গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে তাঁদের ক্যাম্পাসে প্রবেশ এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। আদালত বলেন, তাঁদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থায় ন্যায়বিচারের মৌলিক নীতি লঙ্ঘিত হয়েছে। রায়ের পর এসএফআই নেতাকর্মীরা ক্যাম্পাসে বিজয় মিছিল করেন।

১৩ আগস্ট সিন্ডিকেট সভা চলাকালে বিক্ষোভের পর ১ সেপ্টেম্বর ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাঁরা ২৭টি প্রভাষক পদ শূন্য থাকা, ছাপানো সনদ দিতে দেরি, অবকাঠামোগত ঘাটতি এবং গবেষণা বৃত্তি পেতে দীর্ঘসূত্রতা নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আদালত দেখতে পান, বহিষ্কারের আদেশ ও শুনানির নোটিশে সুনির্দিষ্ট অভিযোগ বা ঘটনার বিবরণ ছিল না। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয় এবং সাক্ষীদের জেরার সুযোগও দেওয়া হয়নি।

পরীক্ষা মিস করা ১০ শিক্ষার্থীর জন্য ছয় সপ্তাহের মধ্যে পৃথক পরীক্ষার ব্যবস্থা করতে আদালত নির্দেশ দিয়েছেন। বাকি ছয় আবেদনকারী পিএইচডি গবেষক হওয়ায় তাঁদের কোনো পরীক্ষা বাদ পড়েনি। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নতুন তদন্ত শুরু করতে পারবে, তবে তদন্ত চলাকালে শিক্ষার্থীদের আবার বহিষ্কার করা যাবে না। আদালত উল্লেখ করেন, তাঁরা ইতোমধ্যে ৮৪ দিন বহিষ্কৃত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।