ইউরোপজুড়ে তীব্র দাবদাহ চলছে। ২০২৬ সালের ২৮ জুন রোববারের পূর্বাভাস অনুযায়ী, অন্তত ১৯ কোটি ১০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হচ্ছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও পোল্যান্ডে এই তাপপ্রবাহ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জার্মান আবহাওয়া দপ্তর ও অস্ট্রিয়ার এনজিও ‘ক্লাইমেটড্যাশবোর্ড’-এর তথ্য অনুযায়ী, তুরস্ক বাদে ইউরোপের প্রায় ৩৮ কোটি ১০ লাখ মানুষ ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রায় ভুগছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, পোল্যান্ড, হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রের প্রায় পুরো অংশেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াবে। জার্মানির বার্লিনসহ প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ এই গরমে আক্রান্ত হবেন। স্লোভাকিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইতালি, অস্ট্রিয়া ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও এর প্রভাব পড়বে। ফ্রান্সে সন্ধ্যার দিকে ‘রেড অ্যালার্ট’ তুলে নেওয়ার কথা থাকলেও, প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ এখনো গরমে কষ্ট পাচ্ছেন।
জলবায়ু গবেষকদের মতে, ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলের ‘আর্বান হিট আইল্যান্ড’ প্রভাবের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এই হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে।