প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদুর রহমান জানিয়েছেন, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, এখন খুব সহজে অনলাইনভিত্তিক মিডিয়া চালু করা সম্ভব হলেও সেখানে নীতিমালার অভাব রয়েছে। সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার দ্রুত রেগুলেটরি কাঠামো তৈরি করছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধি প্রণয়নের প্রস্তাব এসেছে, যা মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও জানান, গুজব ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘদিন অকার্যকর থাকা তথ্য কমিশন পুনর্গঠন করে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হবে, যাতে তথ্যপ্রাপ্তি সংক্রান্ত অভিযোগ কার্যকরভাবে সমাধান করা যায়।