রংপুরের পীরগাছা থানার দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সাভারে এক ছাত্রীকে উদ্ধারে অভিযানের সময় সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মোনারুল ইসলাম বকশীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠার পর শনিবার রাতে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে এসআই কনক রঞ্জন বর্মন, এএসআই মো. ওসমান আলী, কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার রয়েছেন।
নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে ঘরছাড়া এক ছাত্রীকে উদ্ধারে গত বৃহস্পতিবার গভীর রাতে এসআই কনক চন্দ্র বর্মনের নেতৃত্বে নয় সদস্যের একটি দল সাভারের বিপিএটিসি কোয়ার্টারে অভিযান চালায়। অভিযোগ রয়েছে, সাধারণ পোশাকে জিডির বাদী ও আওয়ামী লীগ নেতা মিন্টু মিয়া এবং তাঁর শ্যালক মিন্টুও দলে ছিলেন। অভিযানের একপর্যায়ে মোনারুলকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পীরগাছা থানার প্রধান ফটকে বিক্ষোভ করেন। ওসি সেলিম মালিক জানান, ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সহযোগিতায় যাওয়া তাদের দুই সদস্যের বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।