বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল–২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রহিত করা হয়েছে, যা কার্যকর হয়নি। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদে বিলটি উত্থাপন করেন। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য বিলটি বাছাই কমিটিতে পাঠানো ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয় এবং পরে বিলটি পাস হয়।
বিলে উল্লেখ করা হয়, ২০০১ সালের ১৫ জুলাই আইনটি গেজেট আকারে প্রকাশিত হলেও কার্যকর হয়নি। নতুন আইনের মাধ্যমে বগুড়ায় বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।