ইসরাইল দাবি করেছে যে, গত দুই দিনে তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ৪০০-র বেশি বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনী ৬৫০টি গোলাবারুদ ব্যবহার করে “ইরানি শাসনব্যবস্থার অবকাঠামো” লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরাইলি যুদ্ধবিমান রাতভর তেহরানের কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালায়, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
ইসরাইলের দাবি অনুযায়ী, এসব হামলায় প্রায় ১৫টি অস্ত্র উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেন্দ্রীয় কমপ্লেক্সও রয়েছে বলে জানানো হয়। আল জাজিরার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার সুনির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি।
ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।