কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন বলে জানিয়েছে আলজাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার উত্তরসূরি বাছাইয়ে তিনি তাড়াহুড়া করবেন না। গত সপ্তাহে ফোন পেয়ে এ দায়িত্ব নেওয়া জাকারিয়া ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, দায়িত্বে থাকা নিয়ে তিনি জাকারিয়াকে পুনর্বিবেচনা করতে বলেছেন। সংবাদমাধ্যমের হাতে জাকারিয়া যেভাবে ভুগছেন, তাকে এভাবে কষ্ট পেতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাকারিয়া নিজেই জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি।
এরপর তাকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়। নিয়োগ ঘোষণার সময় ট্রাম্প তাকে আইনজীবী বলেছিলেন; জাকারিয়া ক্যালিফোর্নিয়ার পেপারডাইন ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে স্নাতক। আলজাজিরার কিম্বারলি হ্যালকেট বলেন, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ও দায়িত্ব পালনে দুর্বলতাই তার বিদায়ের কারণ এবং এটি মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য রাজনৈতিক সমস্যা তৈরি করতে পারে।