কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালীর গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে জিম্মি থাকা ৫৭ জন নাগরিককে নিরাপদে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত দলটি অভিযান চালায়। তথ্য অনুযায়ী, ১৫ থেকে ১৬ সদস্যের একটি সশস্ত্র পাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছিল। বিকেল ৫টার দিকে দলটি ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায় এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।
গুলিবিনিময়ের সময় বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে তিতাস শেখ গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে রামু সিএমএইচে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তল্লাশিতে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। সেনাবাহিনী তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।