পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর স্থায়ী সেতু না থাকায় পাঁচ শতাধিক সবজি ও কৃষিপণ্য উৎপাদনকারী কৃষক চরম দুর্ভোগে পড়েছেন। কুমিরমারা, নেয়ামতপুর ও এলেমপুর গ্রামের কৃষকদের প্রায় ৩০ বছর ধরে কাদা, নৌকা ও ঝুঁকিপূর্ণ ভাসমান সেতু পার হয়ে পাখিমারার পাইকারি বাজারে পণ্য নিতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, তিন গ্রামের কৃষকেরা বছরে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার সবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদন করেন। এ অঞ্চল থেকে কলাপাড়া উপজেলার প্রায় ৭০ শতাংশ সবজির চাহিদা পূরণ হয় এবং উদ্বৃত্ত পণ্য বাস, ট্রাক ও পিকআপে দেশের বিভিন্ন এলাকার আড়তে পাঠানো হয়। বর্ষায় মাটির অভ্যন্তরীণ সড়ক কাদায় চলাচলের অনুপযোগী হলে দূরের কৃষকদের নৌকায় বাজারে আসতে হয়।
কৃষকেরা নিজেদের অর্থায়নে ড্রামের ওপর নির্মিত কাঠের পাটাতনের ভাসমান সেতুর ওপর নির্ভর করছেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, খালটির ওপর ৪৯০ মিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একনেকের অনুমোদন মিললে দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের আশা করা হচ্ছে।