নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন সর্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচির অর্থায়নে কর বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। এতে মেয়র জোহরান মামদানি গুরুত্বপূর্ণ এক মিত্র পেলেন। বুধবার নিউইয়র্কে পলিটিকোর এক অনুষ্ঠানে মেনিন বলেন, শিশু পরিচর্যায় অতিরিক্ত ব্যয় শহরে আরও কর্মী আনতে এবং ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক রাখতে সহায়তা করতে পারে।
কোন কর কতটা বাড়ানো হবে, সে বিষয়ে মেনিন নির্দিষ্ট প্রস্তাব দেননি। তিনি বলেন, এ সিদ্ধান্ত মামদানি ও গভর্নর ক্যাথি হোকুলের আলোচনার মাধ্যমে হওয়া উচিত। আগামী অর্থবছরে নিউইয়র্ক সিটির বাজেটে ৬০০ কোটি ডলারের বেশি ঘাটতির আশঙ্কা রয়েছে। পুনর্নির্বাচনে লড়তে যাওয়া হোকুল ধনী ব্যক্তি ও বড় করপোরেশনের ওপর কর বাড়ানোর দাবিতে সতর্ক অবস্থানে আছেন।
হোকুল ও মামদানি আগে দুই বছর বয়সী শিশুদের কর্মসূচির প্রথম দুই বছরের অর্থায়ন ঘোষণা করেছেন। চলতি শরতে ২ হাজার আসন চালু হয়েছে এবং ২০২৭ সালের শরৎ নাগাদ আরও ১০ হাজার আসন চালুর পরিকল্পনা আছে। মামদানির হিসাবে ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সীদের সার্বজনীন পরিচর্যায় বছরে ৬০০ কোটি ডলার লাগতে পারে; সাম্প্রতিক এক প্রতিবেদনের অনুমান ৯০০ কোটি ডলার।