ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চীনের ৩১টি প্রতিষ্ঠানে ৪৩০টির বেশি চাকরির সুযোগ তৈরি করেছে। ১৭ আগস্ট টিএসসি প্রাঙ্গণে ‘সিনো-বাংলা ডে ২০২৬’ শীর্ষক চাকরি মেলায় এসব সুযোগ দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে হাজার হাজার চাকরিপ্রার্থী অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে সিভি জমা দেন।
বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে, ডাকসু ও কনফুসিয়াস ইনস্টিটিউটের আয়োজনে মেলাটি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। প্রযুক্তিসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রাথমিকভাবে চার শতাধিক প্রার্থীর সিভি গ্রহণ করেছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রেক্ষাপটে ডাকসু উদ্যোগটি নিয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে। মেলায় লায়ন ড্যান্স, তাই চি এবং দুই দেশের গানসহ সাংস্কৃতিক পরিবেশনাও হয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও করার চেষ্টা থাকবে বলে জানান আন্তর্জাতিক সম্পাদক খান জসীম।