জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।
হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া সাবেক এমপি ফারুক খান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক এমপি সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে আনা হয়।
তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীও রয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। এই নির্ধারিত কার্যক্রমের পরিপ্রেক্ষিতেই কারাগারে থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।