জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুফতি ওয়াক্কাস গ্রুপ, বলেছে বিএনপির শাসনামলে বা অন্য যেকোনো সরকারের আমলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হলে তারা তা সমর্থন করবে না। দলটি আরও বলেছে, দেশের আলেম-ওলামাদের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
আমার দেশ-এর প্রতিবেদকের সঙ্গে আলাপকালে দলের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, আলেম-ওলামাদের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধাবোধ ও ঐক্য রয়েছে। তিনি বলেন, দেশের আলেম-ওলামাদের মতামতের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ বা প্রশ্নই তাদের দলের ক্ষেত্রে আসে না এবং ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবেন, তার সঙ্গে তারা পূর্ণ ও সম্পূর্ণ একমত থাকবেন।
ড. গোলাম মহিউদ্দিন ইকরাম আশা প্রকাশ করেন, মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলে ইসলামবিরোধী কোনো আইন না হওয়ার যে ধারাবাহিকতা ছিল, বিএনপির বর্তমান শাসনামলেও তা বজায় থাকবে। তিনি পুনরায় বলেন, বিএনপি বা অন্য কোনো সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নিলে জমিয়ত কোনো অবস্থাতেই সেই আইনের সমর্থন করবে না।