বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাজধানীর মহাখালীতে এক বিক্ষোভ সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। শনিবার বিকেলে কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে পরওয়ার বলেন, তিনি লন্ডন বা শিলংয়ে ছিলেন না, এই মাটিতেই ছিলেন; তাই তাঁকে কেন ‘গুপ্ত’ বলা হয়। তিনি প্রধানমন্ত্রীকে চারপাশের মন্ত্রী-এমপিদের ভুল কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। জামায়াত কখনো গুপ্ত ছিল না বলেও তিনি দাবি করেন এবং বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা নিয়ে বক্তব্য জনগণ বিবেচনা করবে বলে মন্তব্য করেন।
পরওয়ার অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী হলেও বিএনপি এখন এর চেতনা থেকে সরে এসেছে। তাঁর দাবি, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন দল স্বাক্ষর করেছিল, কিন্তু তারা সেই অঙ্গীকার থেকে সরে গেছে। তিনি আইন সংশোধনের মাধ্যমে ‘রিফর্ম আওয়ামী লীগ’ নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগও করেন এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় লোক নিয়োগের কথা বলেন।