জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত পলাতক নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে। একই সঙ্গে পাঁচ দণ্ডিতের সম্পদের অর্ধেক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে শহীদ ও আহত পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। প্রত্যেকের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, যৌথভাবে অপরাধ সংঘটন এবং ব্যক্তিগত দায়সহ চারটি অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনাল জানায়, পূর্ণাঙ্গ রায়টি ৫৫৭ পৃষ্ঠার; আসামিরা অনুপস্থিত থাকায় কেবল আদেশের অংশ পাঠ করা হয়।
রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। শহীদ পরিবারের সদস্য ও এক সাক্ষী পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন। তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রায়ে অসন্তোষ জানিয়ে বলেন, আসামিরা সরাসরি হত্যাকাণ্ড ঘটাননি বা কোনো নির্দেশ দেননি। ট্রাইব্যুনাল বাজেয়াপ্ত সম্পদ বিক্রি করে জুলাই ফাউন্ডেশন বা অন্য বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।